কুমারখালী ( কুষ্টিয়া) প্রতিনিধি ঃ
গড়াই নদীর ওপর কুষ্টিয়া - রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কস্থ কুমারখালীর লাহিনীপাড়ায় অবস্থিত সৈয়দ মাসুদ রুমী সেতুতে ভ্যান, রিক্সা, বাইসাইকেলসহ যান্ত্রিক ব্যতিত অন্যান্য যানবহনের টোল মওকুফের দাবিতে মানববন্ধন করেছেন আওয়ামী লীগ নেতা ও কয়েক শত মানুষ।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় সেতুর টোল প্লাজা এলাকায় মানববন্ধনের আয়োজন করে কুমারখালীর সর্বস্তরের জনগণ। প্রায় ঘণ্টাব্যাপী দাঁড়িয়ে মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন মানববন্ধনকারীরা।
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক জাকারিয়া খান জেমসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুর রহমান আশা, কুমারখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক সহ প্রমূখ।
মানববন্ধনে বক্তারা জানান, ২০০৪ সালে ৩৫ কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়া - রাজবাড়ী সড়কস্থ কুমারখালীতে গড়াই নদীর ওপর সৈয়দ মাসুদ রুমী সেতু নির্মাণ করে সওজ বিভাগ। ২০০৫ সাল থেকে সেতু ব্যবহারকারীদের কাছ থেকে ইজারাদারের মাধ্যমে টোল আদায় করছে সওজ বিভাগ। ইতিমধ্যে নির্মাণ ব্যয়ের কয়েকগুণ টাকা উত্তোলন করেছে সওজ বিভাগ। তবুও টোল আদায় বন্ধ হয়নি।
তাঁরা আরো জানান, ওই সেতুতে টোল আদায়কে কেন্দ্র করে প্রায় ইজারাদারের লোকজনের সাথে দিনমজুর ও জনসাধারণের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রথম দিকে পায়ে চালিত যানবহন থেকে টোল আদায় বন্ধ ছিল। কিন্তু গেল কয়েক বছর যাবৎ ইজারাদার ও সওজ বিভাগের কর্তাদের যোগসাজশে ভ্যান, সাইকেল রিক্সা থেকেও ১০ টাকা করে টোল আদায় করা হচ্ছে। ফলে প্রতিদিনই দিনমজুর ও খেটে খাওয়া মানুষের ভোগান্তি হচ্ছে। সেজন্য আগামী টেন্ডার থেকে পায়ে চালিত যানবহনে থেকে টোল আদায় বন্ধের দাবি জানান।
এবিষয়ে জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা জানান, তিনি পায়ে চালিত যানবহনে টোল আদায় বন্ধের দাবিতে স্মারকলিপি পেয়েছেন। বিষয়টি তাঁর গুরুত্বসহকারে দৃষ্টিগোচর হয়েছে। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট স্মারকলিপিটি প্রেরণ করবেন।
কার্যালয়ের বিশেষ কাজে ব্যস্ত থাকায় কুষ্টিয়া সওজের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিমকে তাঁর কার্যালয়ে পাওয়া যায়নি।মুঠোফোনটিও রিসিভ করেননি তিনি।
জনগণের দাবির সাথে একমত পোষণ করেছেন, কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ। তিনি জানান, টোলের কারণে সকল শ্রেণি পেশার মানুষ নানামুখী ভোগান্তি পোহাচ্ছেন। মানববন্ধনকারীদের দাবি যৌক্তিক। তিনি বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয়, সড়ক, সেতু ও পরিবরহন মন্ত্রণালয়ে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। প্রয়োজনবোধে জাতীয় সংসদেও বিষয়টি উত্থাপন করবেন বলে জানান সংসদ সদস্য।





