Monday, 9 November 2026
শিরোনাম
কুমারখালীতে ঘাসখাল রণাঙ্গন দিবস উদযাপন,শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন নতুন পাসপোর্টের জন্য কোনো আবেদন করেননি শেখ হাসিনা শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ ও সর্বোচ্চ ৪৮ হাজার টাকা করার প্রস্তাব কুমারখালী ও খোকসা পৌর এলাকায় হাসপাতাল-ক্লিনিকের প্রচারণামূলক মাইকিং বন্ধের নির্দেশ শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির চেক ডিজঅনার-সংক্রান্ত মামলা নিয়ে হাইকোর্টের রায় নতুন পাসপোর্টের জন্য শেখ হাসিনার আবেদন: রয়টার্স চরফ্যাশনে সুপারি বাগান থেকে মরদেহ উদ্ধার মানিকগঞ্জে নিজ ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার নিম্ন-মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার বাইরে সব ধরনের মাছের দাম
সারা দেশ

কুমারখালীতে ঘাসখাল রণাঙ্গন দিবস উদযাপন,শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
কুমারখালীতে ঘাসখাল রণাঙ্গন দিবস উদযাপন,শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ঘাসখাল রণাঙ্গন দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ৯ নভেম্বর সদকী ইউনিয়নের ঘাসখাল দরবেশপুর গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্মুখযুদ্ধে ছয়জন শহীদ ও চারজন যুদ্ধাহত হন। মুক্তিযুদ্ধের সেই বীরত্বগাথা ও আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে দিবসটি স্মরণ করা হয়।

 

মুক্তিযুদ্ধের ইতিহাস অনুযায়ী, ১৯৭১ সালের এই দিনে ঘাসখাল দরবেশপুর গ্রামের কার্তিক চন্দ্র প্রামাণিকের বাড়িতে মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাকিস্তানি হানাদার বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়। দীর্ঘ ও রক্তক্ষয়ী সেই যুদ্ধে ছয়জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন এবং আহত হন আরও চারজন। তাঁদের আত্মত্যাগে ঘাসখালের মাটি মুক্তিযুদ্ধের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় হয়ে আছে।

 

এ উপলক্ষে সোমবার (৭ নভেম্বর) সকালে কুমারখালীর বীর মুক্তিযোদ্ধাদের আয়োজনে ঘাসখাল মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুমারখালী বীর মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ.টি.এম. আবুল মনসুর মজনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঘাসখাল যুদ্ধের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হুসাইনুল বাহার।

 

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন, মাহমুদ হোসেন মানু, সোলাইমান জোয়ারদার, আব্দুল খালেক, সিরাজ উদ্দিন, মুক্তার হোসেন, আকবর হোসেন, আতিয়ার হোসেন ও গোবিন্দ পাল ঘোষ। এ ছাড়া জাতীয় পতাকার রূপকার নিউক্লিয়াসের অন্যতম প্রতিষ্ঠাতা জাতীয় বীর মুক্তিযোদ্ধা কাজী আরিফ আহমেদ স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা কারশেদ আলম, শহীদ খোরশেদ আলম দিল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক এসরারুল হক, জি. ডি. শামসুদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তাঁরা মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঘাসখাল রণাঙ্গন দিবসের আয়োজনে অংশ নেন।

 

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করা হয়। পরে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বীর মুক্তিযোদ্ধা ও অতিথিরা। এরপর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় বক্তারা ঘাসখাল যুদ্ধের স্মৃতিচারণা করেন এবং মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতা, ত্যাগ ও অবদানের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে বীরত্বগাথা পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। যে আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই ইতিহাস ও শহীদদের অবদান জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। 

 

অনুষ্ঠান পরিচালনা করেন মুক্তিযোদ্ধার সন্তান কামরুজ্জামান কামাল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।