কিশোরগঞ্জের ইটনায় মাদক ব্যবসার বিরোধিতা করায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। রবিবার ( ২৩ জুন) দুপুরে উপজেলার মৃগা ইউনিয়নের আজমিরীগঞ্জ-জনতাগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃগা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জিল মিয়া দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসায়ীদের বিপক্ষে ছিলেন এবং এলাকাবাসীর সহযোগিতায় মাদকের চালান পাচারকালে কয়েকজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। এতে মঞ্জিল মিয়ার ওপর ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয় মাদক ব্যবসায়ীরা।
মঞ্জিল মিয়ার বড় ভাই শাহাবুদ্দীন বলেন, ‘আমার ভাই মাদক ব্যবসায়ীদের বিপক্ষে কথা বলায় তাকে হত্যার উদ্দেশ্যে তার দোকানে এসে হামলা করে মাদক ব্যবসায়ী স্বাধীন মিয়া, নিজাম মিয়া, দেলোয়ার হোসেন দিলু, জাহাঙ্গীরসহ ১৫-২০ জন।’
তিনি আরও বলেন, ‘মঞ্জিলকে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।’
অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার সামুয়েল সাংমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অভিযোগ পেলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’





