Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কারাগারে থেকেও চাকরিতে বহাল, অবশেষে বরখাস্ত সেই হিসাব রক্ষক

admin • 01 Apr 2026, 03:32 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কারাগারে থেকেও চাকরিতে বহাল, অবশেষে বরখাস্ত সেই হিসাব রক্ষক

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের হিসাব রক্ষক কাম ক্রেডিট সুপারভাইজার মোঃ সাইফুল ইসলামকে অবশেষে সাময়িক বরখাস্ত করেছে মহিলা বিষয়ক অধিদপ্তর। নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের হওয়া মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকার পরও চাকরিতে দীর্ঘদিন বহাল থাকায় বিষয়টি নিয়ে সমালোচনা তৈরি হয়।

মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জিন্নাত আরা স্বাক্ষরিত ৩০ মার্চ ২০২৬ তারিখের প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(২) ধারা ও সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) বিধি অনুযায়ী গ্রেফতারের দিন ১৪ ফেব্রুয়ারি ২০২৬ থেকেই মোঃ সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন এবং আদেশটি জনস্বার্থে জারি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পরকীয়া সংক্রান্ত অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেফতার হয়ে দীর্ঘ সময় কারাগারে থাকার পরও তার বিরুদ্ধে কোনো বিভাগীয় ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন ওঠে। সাধারণত কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী ৪৮ ঘণ্টার বেশি কারাগারে থাকলে তাকে সাময়িক বরখাস্ত করার বিধান রয়েছে।

মামলার বিবরণে জানা যায়, দেবীগঞ্জ পৌরশহরের সবুজপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে সাইফুল ইসলাম ও যুথি আক্তারকে আটক করেন সাইফুলের স্ত্রী সখিনা খাতুন। পরে তার অভিযোগে দেবীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

পরবর্তীতে আপোসের শর্তে জামিন পেলেও তা ভঙ্গের অভিযোগে সাইফুল ইসলামের জামিন বাতিল হয়ে তিনি পুনরায় কারাগারে যান।

এদিকে সাইফুল ইসলামের স্ত্রী সখিনা খাতুন অভিযোগ করেন, আপোসে রাজি না হওয়ায় তাকে হুমকি দেওয়া হচ্ছে এবং ডিভোর্স দিয়ে অন্য নারীকে বিয়ে করার কথাও বলা হচ্ছে। বর্তমানে তিনি দুই সন্তান নিয়ে বাবার বাড়িতে অবস্থান করছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘটনাটি অধিদপ্তরে জানানো হয়েছিল এবং কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।