জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনার পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী, ভোট গণনার জন্য ওএমআর মেশিন ব্যবহারের কথা থাকলেও এখন তা হাতে গোনা হবে।
বৃহস্পতিবার (১১ই সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে কেন্দ্রীয় পর্যবেক্ষণ কমিটির সদস্য ড. সালেহ আহম্মদ খান গণমাধ্যমকে এই সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মেশিনে ভোট গণনা নিয়ে যে সমালোচনা হয়েছিল, সে কারণেই এই পরিবর্তন আনা হয়েছে। সকল ভোট হাতে গণনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সকাল ৯টায় ২১টি হলে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা বিকেল ৫টা পর্যন্ত চলবে। এবারের নির্বাচনে মোট ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন, যার মধ্যে ৬ হাজার ১১৫ জন ছাত্র এবং ৫ হাজার ৭২৮ জন ছাত্রী। ভোটগ্রহণের জন্য ২১টি কেন্দ্রে মোট ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে।
এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের জন্য মোট ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে বামপন্থি, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্রদের সমর্থিত মোট আটটি প্যানেল অংশ নিয়েছে। ছাত্রদের ১১টি এবং ছাত্রীদের ১০টি হল মিলিয়ে মোট ২১টি ভোটকেন্দ্র ঠিক করা হয়েছে।
নির্বাচন পরিচালনার জন্য ৬৭ জন পোলিং অফিসার (শিক্ষক) এবং ৬৭ জন সহায়ক পোলিং অফিসার (কর্মকর্তা) নিয়োগ করা হয়েছে। ভোটগ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ভোট গণনা করা হবে।





