Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

এমপিকে ফুল দেওয়া নিয়ে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ: আহত ৬

admin • 19 Jan 2024, 07:58 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
এমপিকে ফুল দেওয়া নিয়ে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ: আহত ৬

লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের বসুরহাট বাজারে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৬ জন আহত হয়েছে বলে জানা গেছে।

 

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য গোলাম ফারুক পিংকুকে ফুল দিয়ে বরণ করাকে কেন্দ্র করে ইউনিয়ন যুবলীগ নেতা রেজাউল করিম রিয়াজ ও সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবুল আনসারীর সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় দলীয় নির্ভরযোগ্য একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেন।

 

এর আগে বিকেলে চরশাহী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভেতর ঘটনার সূত্রপাত শুরু হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

 

আহত ব্যক্তিরা হলেন- আওয়ামী লীগ নেতা মো. মনির, চরশাহী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. রুবেল, দিঘলি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা ইস্রাফিল। এরা বাবুল আনসারীর অনুসারী। যুবলীগ নেতা রিয়াজের তিন অনুসারী আহত হয়েছে। তাদের নাম পরিচয় জানা যায়নি।

 

ঘটনার পর বাজার এলাকায় চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

জানা গেছে, চরশাহী ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের উদ্যোগে সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম ফারুক পিংকুকে সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় ফুল দিয়ে বরণ করাকে কেন্দ্র করে উপস্থিত আওয়ামী লীগের সহযোগী সংগঠনে নেতাকর্মীদের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানায়, চরশাহী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম রিয়াজ ও সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবুল আনসারীর লোকজনের মধ্যে হট্টগোল শুরু হয়। দুই গ্রুপের লোকজন সংসদ সদস্য পিংকুর সামনে হাতাহাতি করে। উপস্থিত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সংক্ষেপে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

 

পরে দুই গ্রুপের লোকজন বসুরহাট বাজার এলাকায় গিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। লাঠিসোঁটা নিয়ে একপক্ষ আরেক পক্ষকে ধাওয়া দেয়। এতে দুই পক্ষের ৬ জন আহত হয়েছে। তারা প্রাথমিক চিকিৎসা নেয়।

 

যুবলীগ নেতা রেজাউল করিম রিয়াজ বলেন, বিকেলে এমপির হাতে ফুল দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে কি হয়েছে আমি জানি না।

 

স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবুল আনসারী বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতি হয়েছে। তিনজন আহত হয়েছে।

 

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, এমপিকে ফুল দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি, ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

ককটেল বিস্ফোরণের বিষয়ে তিনি বলেন, ওই এলাকা হিন্দু অধ্যুষিত এলাকা। তারা বাজি ফুটিয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।