অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস উইং জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থী সংগঠনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার কোনো পরিকল্পনা বাংলাদেশ সরকারের নেই। সব উগ্রপন্থী সংগঠন নিষিদ্ধই থাকবে।
রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্টস নামে ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
পোস্টে বিতর্কিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের টুইটের একটি ছবি সংযুক্ত করে লেখা ছিল, ‘উগ্রপন্থী সংগঠন হিযবুত তাহারীর এবং আনসারুল্লাহ বাংলা টিম বাংলাদেশে নিষিদ্ধ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দেশের সব উগ্রপন্থী সংগঠনের প্রতি জিরো টলারেন্স নীতি বজায় রেখেছে।’
এতে আরো লেখা ছিল, ‘সম্প্রতি বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন টুইটারে (এক্স) একটি পোস্ট করেছেন, যা আমাদের নজরে এসেছে। তিনি এই সপ্তাহের শুরুতে দাবি করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার দুটি গ্রুপের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। তার এই দাবি সত্য নয়। গত কয়েক দশকে নিষিদ্ধ ঘোষিত এই দুটি গ্রুপসহ অন্য উগ্রপন্থী সংগঠনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার কোনো পরিকল্পনা বাংলাদেশ সরকারের নেই।’





