Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

ঈদযাত্রা: সময়মতো ছাড়ছে ট্রেন,যাত্রীদের সন্তুষ্টি

admin • 26 Jun 2023, 12:29 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ঈদযাত্রা: সময়মতো ছাড়ছে ট্রেন,যাত্রীদের সন্তুষ্টি

আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে ট্রেনে অগ্রিম টিকেটের যাত্রী পরিবহন চলছে। রবিবার (২৫ জুন) সকাল থেকে ঈদযাত্রী নিয়ে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ছেড়েছে। অধিকাংশ ট্রেনই সময়মতো স্টেশন ছাড়ায় যাত্রীরাও সন্তুষ্টি প্রকাশ করেছেন।

চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী জানান, চট্টগ্রাম স্টেশন থেকে রবিবার দ্বিতীয় দিনের মতো অগ্রিম টিকিটে যাত্রী পরিবহন চলছে। সকাল থেকে একটি বাদে বাকি সবগুলো ট্রেনই নির্দিষ্ট সময়ে চট্টগ্রাম থেকে ছেড়ে গেছে।

তিনি বলেন, রবিবার সকাল থেকে সবকযটি ট্রেন নির্দিষ্ট সময়ে চট্টগ্রাম থেকে ছেড়ে গেলেও বিজয় এক্সপ্রেস ট্রেনটি প্রায় আধা ঘণ্টা দেরিতে ছাড়ে। এছাড়া, প্রতিদিন চট্টগ্রাম থেকে ১২ হাজার যাত্রী দেশের বিভিন্ন গন্তব্যে যাচ্ছে বলেও জানান তিনি।

সূত্র থেকে জানা যায়, চট্টগ্রাম স্টেশন থেকে প্রতিদিন ঢাকা, সিলেট, ময়মনসিংহ, চাঁদপুরসহ বিভিন্ন গন্তব্যে ১০টি আন্তঃনগর, ৪টি মেইল এবং ঈদ স্পেশাল ট্রেন যাত্রী নিয়ে বিভিন্ন রুটে ছেড়ে যাচ্ছে।

প্রিয়জনদের সঙ্গে ঈদ-উল-আজহার আনন্দ ভাগ করে নিতে ইতোমধ্যেই অনেকে ঢাকা ছাড়তে শুরু করেছেন। ফলে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদযাত্রীদের ঢল বাড়ছে।

গত ২২ জুন থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদের ছুটি ঘোষণা করা হয়। ফলে শুক্রবার থেকে মানুষজন ঢাকা ছাড়তে শুরু করেছে। শনিবার ঢাকা ছেড়ে যাওয়া যাত্রীর সংখ্যা আরও বেড়েছে বলে জানা গেছে।

গত ১৪ জুন থেকে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। একইভাবে ফিরতি অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় ২২ জুন।

ঈদ-উল-ফিতরের মতোই শতভাগ টিকেট অনলাইনে বিক্রি হয়েছে। অতিরিক্ত ক্রেতার চাপে ই-টিকেট সার্ভার যেন ডাউন না হয়, সেজন্য এবার দুই শিফটে ট্রেনের টিকিট বিক্রি হয়েছে। এছাড়া, ঈদযাত্রায় ৮ জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।