কুষ্টিয়ার কুমারখালীতে কুষ্টিয়া ৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ কে ফুলেল সংবর্ধণা প্রদান ও নির্বাচন পরবর্তী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় আবুল হোসেন তরুন অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন খান। তিনি বলেছেন, ' একটি ইলেকশন শেষ। সামনে উপজেলা পরিষদ নির্বাচন। এখন নৌকা - ট্রাক এক। সকল বিভেদ ভুলে সবাইকে ঐক্যকদ্ধ হতে হবে।'
তিনি আরো বলেছেন, ' যে যেমন কর্ম করবে, সে তেমন ফল ভোগ করবে। আপনাদের ভোটে শয়তান বিতরিত হয়েছে। এখন ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন করতে হবে। দেশের উন্নয়নের পাশাপাশি নেতাকর্মীদের উন্নয়নে নজর দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান তিনি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন। তিনি বলেছেন, ' সকল বিভেদ ভুলে প্রায় ৩০ বছর পরে এমপি আর আওয়ামী লীগ একই মঞ্চে। আর কোনো ভুল করা যাবেনা। ঐক্য ধরে রেখে এক কাতারে থেকে উন্নয়ন করতে হবে।
এছাড়াও খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, কুমারখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক জাকারিয়া খান জেমস, যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন সমাবেশে।
উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুর রহমান আশা'র সঞ্চালনায় এসময় আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে কুষ্টিয়া ৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ বলেছেন, ' আমি বাকী জীবন আপনাদের সাথে থেকে কাজ করে যেতে চাই। কুমারখালী - খোকসা থেকে সকল সন্ত্রাসী, মাদক, মাস্তান, দুর্নীতি দুর করা হবে। কোনো নেতাকর্মীদের নামে আর হয়রানি মামলা হবে না।





