Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ইমাম নিয়ে সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর,আহত শতাধিক

admin • 16 Aug 2024, 10:16 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ইমাম নিয়ে সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর,আহত শতাধিক

ইমাম নিয়ে সংঘর্ষের জের ধরে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ হয়েছে। এতে শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় বেশকিছু বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে।

 

শুক্রবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় চার ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ হয়। সন্ধ্যায় সেখানে পুলিশ ছুটে যায়। সংঘর্ষের কারণে নোয়াপাড়া স্টেশনে দুটি আন্তঃনগর ট্রেন আটকা পড়ে।

আহতরা হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। সন্ধ্যা সোয়া ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত দুজন মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও দায়িত্বশীল সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি।

জানা যায়, ঘটনার সূত্রপাত হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায়। পরে সেটি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলাতেও ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে মাধবপুর ও বিজয়নগরের বিভিন্ন গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে দেশীয় অস্ত্র ব্যবহার দেখা যায়। ব্যবহার করা হয় রেলের পাথর।

একাধিক সূত্র জানায়, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জামিয়া হরষপুর দারুল উলুম মাদরাসা মসজিদের ইমাম নিয়ে দুই বছর ধরে বিরোধ চলে আসছিল। ওই মসজিদের ইমাম মুফতি মো. বশিরের জিহ্বায় কথা আটকানোর কারণে শুদ্ধ উচ্চারণ হয় না বলে অভিযোগ উঠে। এ নিয়ে দুটি পক্ষ হয়ে যায়। এক পক্ষ মুফতি বশিরের পক্ষে আরেক পক্ষ বিপক্ষে। এ নিয়ে একটি মামলাও হয়। সামাজিকভাবে সিদ্ধান্ত হয় যে মুফতি বশির ইমামতি করতে পারবেন না।

এদিকে, দেশের সার্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে মুফতি বশিরকে আনতে তার পক্ষটি তোড়জোড় শুরু করে। শুক্রবার বশির ইমামতি করবেন বলেও ঘোষণা দেওয়া হয়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। দুপুরে নামাজের পর এ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে বেধে যায়। শুরুতে মাদরাসা ছাত্ররা আক্রমণের শিকার হন। পরে উভয়পক্ষ দলবদ্ধ হয়ে সংঘর্ষে জড়ায়।

মাধবপুরের পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কয়েকটি গ্রামের লোকজনও এ সংঘর্ষে জড়ালে পরিস্থিতি ভয়ঙ্কর রূপ ধারণ করে। স্থানীয় একাধিক জনপ্রতিনিধি সংঘর্ষ থামাতে এগিয়ে গিয়ে অবস্থার প্রেক্ষিতে সেখান থেকে সরে যান।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে ভিডিও পোস্ট করা মো. এনায়েত উল্লাহ নামে একজন জানান, ইমাম নিয়ে দুই বছর ধরে বিরোধ চলছে। এটাকে কেন্দ্র করেই দু’পক্ষের হাজার হাজার লোক সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কিছু ভাঙচুরের ঘটনাও ঘটে।

হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) নির্মল চক্রবর্তী জানান, ইমাম নিয়ে বিরোধে এ ঘটনা ঘটেছে। তবে সন্ধ্যার দিকে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানান ওই কর্মকর্তা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।