ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জীববিজ্ঞান অনুষদের অন্তভুক্ত ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের পুনর্মিলনী আগামী (১৪ই অক্টোবর) শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। পুনর্মিলনী উৎসব ঘিরে পুরাতন বিজ্ঞান অনুষদ সংলগ্ন রাস্তার শোভা বাড়াচ্ছে লাল-নীল ঝাড়বাতি। এছাড়াও বিভাগ প্রাঙ্গনে অঙ্কিত হচ্ছে রংবেরঙের আল্পনা।
বুধবার (১১ অক্টোবর) ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের বর্তমান সভাপতি অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ সাংবাদিকদের এসব কথা বলেন।
বিভাগ সূত্রে জানা যায়, অনলাইনে গুগল ফর্মের মাধ্যমে সাবেক ৪১৭ জন ও বর্তমানে অধ্যয়নরত ৩৩৩ জন শিক্ষার্থী ও পুনর্মিলনীতে অংশগ্রহণ করবে বলে ইতোমধ্যে রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছে। এখানে সাবেক শিক্ষার্থীদের জন্য ১০০০ টাকা চাঁদা, বর্তমানদের ৫০০ টাকা ধরা হয়েছে। অনুষ্ঠানে সর্বমোট ২৫টি ব্যাচের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে।
বিভাগ সূত্রে আরও জানা যায়, এটি বিভাগটির দ্বিতীয় কমিটি গঠন, প্রথম রিইউনিয়ন। সে উপলক্ষে পুনর্মিলনীর আগের দিন বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গনে এক চা-চক্রেরও আয়োজন থাকবে সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে। এছাড়াও পুনর্মিলনীতে আসা শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউজ ও পরিবহন সেবা দেওয়া হবে।
সার্বিক বিষয়ে জানতে চাইলে বিভাগের সভাপতি অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ বলেন, ফলিত পুষ্টি ও খাদ্য-প্রযুক্তি বিভাগ ১৯৯৮ সালে বাংলাদেশের পুষ্টি খাদ্য-প্রযুক্তি বিষয়ক প্রত্যয় নিয়ে সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়। এখন পর্যন্ত আমরা ২৫ টি ব্যাচ ভর্তি করিয়েছি। তার মধ্যে ১৮ টি ব্যাচ গ্র্যাজুয়েশন কম্পলিট করে চলে গেছে।
তিনি আরও বলেন, খাদ্য রিলেটেড ইন্ডাস্ট্রিগুলোতে আমাদের শিক্ষার্থীরা কন্ট্রিবিউট করছে। ২৫ বছরে আমাদের অনেক প্রাপ্তি রয়েছে। তাদের এই সফলতাকে পুঁজি করে আমাদের বর্তমানে চলমান যেসব ব্যাচ রয়েছে তাদের উৎসাহিত করা এবং সেতুবন্ধন তৈরি করাই আমাদের এই রিইউনিয়নের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে সাংস্কৃতিক আয়োজন ও সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে টি-শার্ট, ব্যাচ, স্মরণিকা, মগ’সহ অন্যান্য সামগ্রী উপহার সরূপ দেওয়া হবে।





