ইউটিউব এখন বিনোদনের অন্যতম উৎস। শখের বশে বা অনলাইনে আয়ের জন্য অনেকেই ইউটিউবে চ্যানেল খুলে নিয়মিত ভিডিও প্রকাশ করেন। তবে ইউটিউবে দীর্ঘদিন ভালো মানের ভিডিও প্রকাশ করলেও সেগুলো ভাষাগত জটিলতার কারণে ভিন্ন ভাষার দর্শকদের কাছে জনপ্রিয়তা পায় না।
এ সমস্যা সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) মাল্টিল্যাঙ্গুয়েজ ডাবিং সুবিধা চালু করেছে ইউটিউব। সুবিধাটি চালুর ফলে নিজেদের তৈরি যেকোনো ভিডিওর বার্তা একাধিক ভাষায় স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ করা যাবে। ফলে ভিন্ন ভাষীরাও সহজে ভিডিওর বিষয়বস্তু জানতে পারবেন। সুবিধাটি পর্যায়ক্রমে সবার জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে ইউটিউব।
বিশ্লেষকেরা বলছেন, এআইনির্ভর এ সুবিধা ইউটিউবের লোকালাইজেশন প্রক্রিয়াকে সহজ করেছে। নির্মাতারা এখন ভাষার বাধা ছাড়াই বৈশ্বিক দর্শকের কাছে পৌঁছাতে পারছেন। অন্যদিকে দর্শকেরাও নিজেদের মাতৃভাষায় কনটেন্ট উপভোগের সুযোগ পাচ্ছেন।
সূত্র: ইন্ডিয়া টুডে





