সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে আজ সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। তবে শ্রমিক অসন্তোষের আশঙ্কায় পাঁচটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
অন্যদিকে, টানা শ্রমিক অসন্তোষের জেরে তিনটি গ্রুপের ছয়টি পোশাক কারখানা শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে শিল্পাঞ্চলের প্রায় সব পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দেন। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পর্যায়ক্রমে পাঁচটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ছয়টি কারখানার মধ্যে নিউএইজ গ্রুপের দুটি এবং অরুনিমা গ্রুপের তিনটি কারখানা রয়েছে। বাকি একটি কারখানার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে, একটি কারখানার সামনে শ্রমিকরা অবস্থান নিলে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার সামনে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
শিল্পাঞ্চলের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।





