কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলায় জড়িতদের বয়কটের ঘোষণা দিয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান কেউ কোটা আন্দোলনকারীদের মারধর করলে বা এ ধরনের কোনো কাজের সাথে যুক্ত থাকলে তাকে বিভাগীয় কার্যক্রম ও শ্রেণি কার্যক্রম থেকে বয়কট করা হবে। এ সময় তারা শিক্ষকদের সহায়তাও চান। সোমবার (১৫ জুলাই) ও মঙ্গলবার (১৬ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ঘোষণা দিচ্ছেন যবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা।
যবিপ্রবি শিক্ষার্থী নজরুল ইসলাম সোহাগ ফেসবুকে লিখেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এফএমবি বিভাগের ১২তম ব্যাচের কোনো শিক্ষার্থী যদি সাধারণ শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলা কিংবা তাতে উসকানী বা সমর্থনের সাথে সংশ্লিষ্ট থাকে কিংবা ভবিষ্যতের কোনো ঘটনায় সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়, তবে তাকে ব্যাচে আজীবনের জন্য অবাঞ্চিত ঘোষণা করা হবে।
বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আবিদুর রহমান শাওন তার নিজের ফেসবুক প্রোফাইলে লিখেছেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৯ম, ১০ম, ১১তম, ১২তম ব্যাচের কোনো শিক্ষার্থী যদি আজকে বা আগামীতে সাধারণ ছাত্রছাত্রী তথা আমাদের ভাই বোনদের উপর আক্রমণের সাথে সম্পৃক্ত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়, তাহলে তাকে আমরা আমাদের ব্যাচ থেকে বর্জন করবো এবং আমাদের সাথে কোনো প্রকার ক্লাস বা কোনোধরণের পরীক্ষায় সে অংশগ্রহণ করতে পারবে না। তাকে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ৯ম ব্যাচ হতে সামগ্রিক ভাবে বর্জন করা হবে। সিদ্ধান্তে: ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং(ইইই) বিভাগ-৯ম ব্যাচ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।
এছাড়াও একই ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। তারা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের সাথে ক্লাস-পরীক্ষাসহ কোনো একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করতে চায় না বলে জানিয়েছেন।





