নোয়াখালীর চাটখিল থানার অস্ত্র মামলায় সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম টেলুকে গ্রেফতার করা হয়েছে। টেলু লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য।
বৃহস্পতিবার দুপুরে তাকে পশ্চিম করপাড়া এলাকা থেকে পুলিশ গ্রেফতার করেছে।
এদিকে ২০২০ সালের ১৩ জানুয়ারি রামগঞ্জ পৌরসভার সোনাপুর এলাকার পালের বাড়ির সামনে রামগঞ্জ-হাজিগঞ্জ সড়ক থেকে টেলুকে ১৫টি ইয়াবাসহ আটক করে পুলিশ। রামগঞ্জ থানার এসআই সঞ্জয় দাসের মামলায় ২০২৩ সালের ১৭ জুলাই সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট টেলুকে সাত বছরের সাজা দেন। একই সঙ্গে এক হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। ওই দিন তাকে কারাগারে পাঠালেও কিছুদিনের মধ্যেই তিনি জামিনে মুক্ত হন।
টেলু পশ্চিম করপাড়া গ্রামের আরব আলী দরবেশ বাড়ির মৃত মন্তাজ মিয়ার ছেলে।
রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, টেলু গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। নির্দেশনা পেয়ে আমরা তাকে গ্রেফতার করেছি। তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত থেকে তাকে নোয়াখালী কারাগারে পাঠানো হয়েছে।





