মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে বান্ধবীর বাবার বিরুদ্ধে। সোমবার বিকালে এ ঘটনার পর মঙ্গলবার শিশুটির বান্ধবীর বাবাকে আটক করে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী। এ ঘটনায় মামলার পর বুধবার তাকে আদালতে পাঠানো হয়।
ভুক্তভোগী শিক্ষার্থীর নানি জানান, শিশুটির বাবা অটোচালক। এজন্য তার নাতনি তাদের বাড়িতে থেকে পড়ালেখা করে। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে সে একই ক্লাসের বান্ধবীর বাড়িতে পড়াশুনার বিষয়ে আলোচনা করতে যায়।
সেখানে ফাঁকা ঘরে শিশুটিকে একা পেয়ে আমার নাতনির বান্ধবীর বাবা মো. আলমাস সরদার (৫৬) তার মুখ চেপে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। ঘটনাটি জানতে পেরে মঙ্গলবার সন্ধ্যায় এলাকাবাসীর সহায়তায় লম্পট মো. আলমাস সরদারকে আটক করে থানা পুলিশে সোপর্দ করা হয়।
এ ঘটনায় শিশুটির বাবা রবিন হোসেন বাদী হয়ে সিরাজদিখান থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ওই মামলায় মো. আলমাস সরদারকে গ্রেফতার করেছে।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সুমন জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ওই মামলায় মো. আলমাস সরদারকে গ্রেফতার করে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করেছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।





