Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

৫৪তম ক্রীড়া প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে কুষ্টিয়ার মেয়ে আলিশা

admin • 24 Jan 2026, 09:59 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
৫৪তম ক্রীড়া প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে কুষ্টিয়ার মেয়ে আলিশা

৫৪তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ এ খুলনা ও বরিশাল অঞ্চল পর্যায়ে বর্শা নিক্ষেপ ইভেন্টে গৌরবজনক সাফল্য অর্জন করেছে কুষ্টিয়ার কুমারখালীর মেয়ে আশরা ইসরাত আলিশা। প্রতিযোগিতায় সে দ্বিতীয় স্থান অর্জন করে দিনাজপুরে অনুষ্ঠিতব্য জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।

আশরা ইসরাত আলিশা কুমারখালী উপজেলার খোরশেদপুর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী এবং স্বপ্ন কুড়াই স্পোর্টস একাডেমির একজন নিয়মিত প্রশিক্ষণপ্রাপ্ত ক্রীড়াবিদ। খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিভাবান ক্রীড়াবিদদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় তার দক্ষতা, আত্মবিশ্বাস ও কঠোর অনুশীলন সবার দৃষ্টি কেড়েছে।

জানা গেছে, ধারাবাহিক অনুশীলন ও প্রশিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানের ফলে অল্প বয়সেই সে বর্শা নিক্ষেপ প্রতিযোগিতায় উল্লেখযোগ্য পারদর্শিতা অর্জন করেছে। তার এই সাফল্য শুধু ব্যক্তিগত নয়, বরং কুমারখালীসহ আশপাশের অঞ্চলের ক্রীড়া উন্নয়নের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

উল্লেখ্য, স্বপ্ন কুড়াই স্পোর্টস একাডেমি হলো স্বপ্ন কুড়াই সমাজ উন্নয়ন সংস্থার একটি অঙ্গ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে শিশু-কিশোর ও তরুণ ক্রীড়াবিদদের নিয়মিত প্রশিক্ষণ, দিকনির্দেশনা ও নৈতিক সহায়তা দিয়ে জাতীয় পর্যায়ের জন্য প্রস্তুত করে আসছে।

আশরা ইসরাত আলিশার এই সাফল্যে স্বপ্ন কুড়াই সমাজ উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ, প্রশিক্ষক, অভিভাবক ও ক্রীড়ানুরাগীরা সন্তোষ প্রকাশ করেছেন এবং আসন্ন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় তার সর্বোচ্চ সাফল্য কামনা করেছেন।

এই অর্জন প্রমাণ করে, সঠিক পরিকল্পনা, নিয়মিত প্রশিক্ষণ ও সামাজিক সহযোগিতা থাকলে গ্রাম ও প্রান্তিক অঞ্চল থেকেও জাতীয় পর্যায়ের মানসম্মত ক্রীড়াবিদ তৈরি করা সম্ভব।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।