নরসিংদীতে পরিবেশ দূষণের দায়ে তিনটি ইটভাটাকে মোট ১৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (২৮ নভেম্বর) দুপুরে নরসিংদীর দুইটি উপজেলায় এ অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর নরসিংদীর উপ-পরিচালক শেখ মো: নাজমুল হুদা এ তথ্য নিশ্চিত করেন।
পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার অভিযান পরিচালনা করেন।
জরিমানা করা ইটভাটাগুলো হলো শিবপুর উপজেলার বড়ইতলা এলাকার মেসার্স কে বি এম ব্রিকস, মনোহরদী উপজেলার হরিনারায়ণপুরের এএফটি ব্রিক ফিল্ড ও একই এলাকার আরএফএস ব্রিক ফিল্ড। প্রত্যেকটিকে ৫ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তা-ছাড়াও আরএফএস ইটভাটার আরও প্রায় দুই লাখ কাঁচা ইট নষ্ট করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর নরসিংদীর উপ-পরিচালক শেখ মো. নাজমুল হুদা বলেন, ‘পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার পেছনে ইটের ভাটাগুলো অনেকাংশে দায়ী। পরিবেশকে ক্ষতি করে এমন অন্যান্য প্রতিষ্ঠানের বিরুদ্ধেও আমাদের অভিযান অব্যাহত থাকবে।’





