টাঙ্গাইলের গোপালপুর উপজেলা নির্বাচনে নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুর ঘটনায় নির্বাচন স্থগিত করেছে কমিশন। রোববার (২৮ এপ্রিল) নির্বাচন কমিশনের উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে গোপালপুর উপজেলার সকল পদের নির্বাচন স্থগিত ঘোষণা করেছেন।
নির্বাচন কমিশনের ওই চিঠিতে বলা হয়েছে, প্রথম ধাপে গোপালপুর উপজেলা নির্বাচনে ভোটগ্রহণের পূর্বে নারী ভাইস চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় স্ব পদের নির্বাচন স্থগিত করা হয়। পুনঃতফসিল ঘোষণার মাধ্যমে চতুর্থ ধাপে ৫ জুন ভোটগ্রহণ সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।
এছাড়া নারী ভাইস চেয়ারম্যান পদে ইতোপূর্বে যারা মনোনয়নপত্র দাখিল করেছিলেন তাদের নতুন করে মনোনয়ন দাখিলের প্রয়োজন হবে না। তবে পূর্বে মনোনয়নপত্র দাখিলকারীদের প্রত্যাহারের সুযোগ দেওয়া যাবে। সেখানে আরও বলা হয়, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে পূর্বের মনোনয়ন বহাল থাকবে। এ পদে বিদ্যমান প্রার্থীদের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। শুধু নারী ভাইস চেয়ারম্যান পদে নতুনভাবে মনোনয়নপত্র দাখিল করা যাবে।
জানা যায়, গোপালপুর উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আখতার মুক্তা সম্প্রতি তিনি ময়মনসিংহে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখানেই গত শুক্রবার অসুস্থ হয়ে পড়লে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এবারও তিনি প্রার্থী ছিলেন।
মরিয়ম আখতার মুক্তার স্বামী আরিফ হাসান বলেন, তাপপ্রবাহের কারণে মরিয়ম হিট স্ট্রোকে মারা গেছে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে একজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে দুজনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এরমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী মারুফ হাসান জামী। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৭১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৪ হাজার ৬৬ জন এবং মহিলা ভোটার ১ লাখ ১৪ হাজার ৪ জন।





