সাকিব আল হাসান নাহিদ, জামালপুর:
জামালপুরের বকশিগঞ্জ উপজেলায় স্বামীর কবর দেখে বাড়ি ফেরার পথে শ্যালো মেশিনের চাকায় পড়ে আনোয়ারা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের মধ্য পলাশতলা গ্রামে আজ সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
আনোয়ারা বেগম ওই এলাকার মৃত শাহজাহান আলীর স্ত্রী।
স্থানীয় ও স্বজনেরা জানান, স্বামীর কবর দেখতে সকালে হেঁটে কবরস্থানে যান আনোয়ারা বেগম। কবরস্থানের পাশে বোরো খেতে সেচ দেওয়ার জন্য একটি স্যালো মেশিন চালু ছিল। ওই সেচ দেওয়া শ্যালো মেশিনের পাশ দিয়ে যাওয়ার সময় পা পিছলে মেশিনের চাকায় ছিটকে পড়েন আনোয়ারা বেগম। এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, ‘আমরা বিষয়টি শুনেছি। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’





