কুমিল্লার চান্দিনায় ফাঁসিতে ঝুলে লিপি আক্তার (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। নিহত লিপি আক্তার কুমিল্লার মুরাদনগর উপজেলার লাজৈর গ্রামের শরীফ হোসেনের স্ত্রী।
রোববার (১৯ মার্চ) সকালে চান্দিনা উপজেলার এতবারপুর গ্রামে ওই ঘটনা ঘটে। স্বামী শরীফ হোসেন স্ত্রী-সন্তান নিয়ে চান্দিনার এতবারপুর গ্রামের নূরুল ইসলামের বাড়িতে ভাড়ায় বসবাস করতেন। তিনি পেশায় নির্মাণ শ্রমিকের কাজ করতেন। দাম্পত্য জীবনে তাদের আবু সুফিয়ান নামে সাত বছরের এক সন্তান রয়েছে।
জানা যায়, রোববার সকালে স্বামী শরীফ হোসেন কাজে বের হওয়ার পর রান্নাঘরে খাবার তৈরি করছিলেন লিপি আক্তার। সকাল সাড়ে ৯টার দিকে পাশের বাড়ির এক ব্যক্তি রান্নাঘরে এসে লিপি আক্তারকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখে চিকিৎকার করেন। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
চান্দিনা থানার ওসি মো. সাহাবুদ্দীন খান জানান, স্বামী-স্ত্রীর মধ্যে তুচ্ছ ঘটনার জের ধরে অভিমান করে আত্মহত্যা করেছেন লিপি আক্তার নামে ওই গৃহবধূ। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।





