লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়নে স্বামী-স্ত্রীর ঝগড়ার বলি হয়েছে এক কন্যাশিশু। নিহত শিশুর নাম সামিয়া (তিন মাস)। এ ঘটনায় অভিযুক্ত বাবাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (১২ এপ্রিল) দুপুর দেড়টায় ওই ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের দেলু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ব্যক্তি রলরেন্স গ্রামের আলম মাঝির ছেলে শাকিল। তিনি নিহত শিশুর বাবা।
জানা গেছে, প্রায় দেড় বছর আগে শাকিলের সঙ্গে লক্ষ্মীপুর সদর উপজেলার সুতারগোপটা এলাকার আব্দুল গণির মেয়ে নূপুরের বিয়ে সম্পন্ন হয়। এর মধ্যে তাদের ঘরে শিশু সামিয়ার জন্ম হয়।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে নূপুর তার বাবার বাড়িতে বেড়াতে যেতে চাইলে শাকিল বাধা দেন। এ সময় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে শাকিল তার শিশুকন্যাকে স্ত্রীর কোল থেকে কেড়ে নিয়ে মাটিতে আছাড় মারে। এতে শিশুটি মারাত্মক আহত হয়। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শিশুটি মারা যান।
নিহতের দাদি হালিমা বেগম জানান, পুত্রবধূ নূপুর তার বাবার বাড়িতে বেড়াতে যেতে চাইলে তার ছেলে শাকিল নিষেধ করে। এ নিয়ে নূপুর আর ছেলের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে শাকিলের কোল থেকে পড়ে গিয়ে নাতনি সামিয়া মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। হাসপাতালে নেওয়ার পথে নাতনির মৃত্যু হয়। পরে ঘটনাটি জানাজানি হলে গৃহবধূ নূপুর গা ঢাকা দিয়েছে, ঘাতক শাকিলকে আটক করেছে পুলিশ।
অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, বুধবার দুপুরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





