ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার উত্তর মালা গ্রামে স্ত্রী আফরোজা আলমকে হত্যার দায়ে স্বামী রবিউল ইসলাম রবিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩০ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন। এ সময় তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আফরোজা আলম শিয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। পারিবারিক কলহের জেরে ২০২০ সালে আলফাডাঙ্গার গড়ানিয়া গ্রামের ভাড়া বাসায় আফরোজাকে শ্বাসরোধে হত্যা করা হয়।
রায়ের বিষয়ে পিপি সানোয়ার হোসেন বলেন, আদালতের রায়ে আমরা সন্তুষ্ট। এ রায়ের ফলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার পথ সুগম হবে এবং সমাজে অপরাধ প্রবণতা কমবে।





