Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

স্কুল-কলেজের ড্রেসে পদ্মাপাড়ে থাকলে কাল থেকেই ব্যবস্থা: আরএমপি কমিশনার

admin • 07 Aug 2023, 08:54 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
স্কুল-কলেজের ড্রেসে পদ্মাপাড়ে থাকলে কাল থেকেই ব্যবস্থা: আরএমপি কমিশনার

স্কুল-কলেজের ড্রেস পরে যারা পদ্মাপাড়ে বসে থাকে, তাদের বিরুদ্ধে আগামীকাল থেকেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) নতুন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।

গত রোববার আরএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়া বিপ্লব বিজয় তালুকদার আজ সোমবার বিকেলে শহরের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে কথা বলেন।

রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গে আরএমপি কমিশনার বলেন বলেন, ‘আমরা যদি দেখি কোনো একটি মহল উসকানি দিচ্ছে বা কোনো একটি মহল রাস্তাঘাটে নেমে সুন্দর এই শান্তির শহরকে, এই গ্রিন সিটির গ্রিন যদি কেউ রক্তে লাল করতে চায়, আমরাও বিনা হাতে ফিরে আসব না। আমরাও তাদের চ্যালেঞ্জ ছুড়ে দেব। আমরাও তাদের সমুচিত জবাব দেব।

বিপ্লব বিজয় তালুকদার বলেন, ‘আপনারা সেই ’১৩, ’১৪, ’১৫ সালের পুলিশ আমাদের মনে করবেন না। সাধারণ মানুষের গায়ে যদি হাত পড়ে, আমাদের পুলিশের গায়ে যদি হাত পড়ে, সেই হাত আস্ত থাকবে না। আমরা আইনের মাধ্যমে সেই হাতের বিচার করব। সেটা আমরা নিশ্চিত করে বলতে পারি। আমাদের সহজ-সরল মানসিকতার যদি কেউ জটিল করে নিতে চায়, তাদের প্রতিও আমাদের সতর্কতা বাণী থাকল। আমরাও কিন্তু ছেড়ে কথা বলব না।’

নগরের সিঅ্যান্ডবি মোড়ে আরএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে মতবিনিময় সভায় সাংবাদিক ও আরএমপির অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাংবাদিকেরা নগরের বিভিন্ন বিষয়ে নতুন পুলিশ কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন।

জবাবে বিপ্লব বিজয় বলেন, পুলিশের কোনো সদস্য যদি মাদক, জুয়া ও পতিতাবৃত্তির পক্ষে অবস্থান নেন, তাহলে তিনি আরএমপিতে থাকতে পারবেন না। শহরে যেসব কিশোর-তরুণে সাইলেন্সারের মুখ বড় করে প্রচণ্ড গতিতে উচ্চ শব্দে বাইক হাঁকিয়ে বেড়ায়, আগামীকাল থেকেই তাদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু হবে। স্কুল-কলেজের ড্রেস পরে যারা পদ্মাপাড়ে বসে থাকে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে আগামীকাল থেকেই।

আরএমপির সাইবার ইউনিটের প্রশংসা করে এই পুলিশ কর্মকর্তা বলেন, আরএমপির সাইবার ক্রাইম ইউনিট সফলতা দেখাচ্ছে। পুরো শহরেই পুলিশের ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরা আছে। এই ক্যামেরা আরও বাড়ানো হবে। এখন থেকে ফেস ডিটেকশন ক্যামেরা লাগানো হবে। কেউ কোনো অপরাধ করে ছাড় পাবে না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।