জামালপুরের নবাগত জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট হাছিনা বেগম বলেছেন, আমি ব্যক্তি স্বার্থে নয়, জনগণের স্বার্থে কাজ করতে চাই। আমি দিতে এসেছি, আর নেয়ার দায়িত্ব আপনাদের। জেলার সার্বিক সমস্যা সমাধানের জন্য সাংবাদিকসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করি।
রবিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেসক্লাব জামালপুর ও অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
নবাগত জেলা প্রশাসক হাছিনা বেগমের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শীতেষ চন্দ্র সরকারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাব জামালপুরের ভারপ্রাপ্ত সভাপতি মোখলেছুর রহমান লিখন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অনলাইন জার্নালিষ্ট নেটওয়ার্কের সভপতি জাহাঙ্গীর সেলিম, সাধারণ সম্পাদক রাজন্য রুহানী, প্রেসক্লাব জামালপুরের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম মিলন, সাইমুম সাব্বির শোভন, কোষাধ্যক্ষ সাগর ফরাজী, কার্যনির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক এম. সুলতান আলম, আব্দুল আজিজ, তানিয়া আক্তারসহ অন্যরা বক্তব্য রাখেন।
এসময় নবাগত জেলা প্রশাসক জেলার সার্বিক সমস্যা এবং সমাধানের জন্য সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় প্রেসক্লাব জামালপুর, অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্ক ও স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।





