‘হাসমু না! আমার মা বাঁইচা আছে এইটাই বেশি। সবকিছু পুড়ে গেলেও আমার মা তো আছে। মানুষ থাকলে তো কামাই করা যাইব, মানুষ না থাকলে কী হইব।’
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি ভিডিও ক্লিপে এসব কথা বলতে শোনা গেছে এক শিশুকে। ভিডিওটিতে দাবি করা হয়, রাজধানীর কড়াইল বস্তির আগুনে সব হারিয়ে নিঃস্বপ্রায় শিশুটি তার মা যে বেঁচে আছে সেই খুশিতেই উচ্ছ্বসিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথাগুলো বলে।
গেল রোববার ২৪ মার্চ রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লাগে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, অগ্নিকাণ্ডের পর নিজের থাকার জায়গা হারিয়ে দাঁড়িয়ে আছে একটি শিশু। তার কাছে আগুনে তাদের ক্ষতির বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের সে জানায়, আগুনে ক্ষতিগ্রস্ত হলেও তার মা বেঁচে আছেন। মানুষ থাকলে আয় করা যাবে। মানুষই যদি না থাকে তাহলে আয় করবে কে?
ফায়ার সার্ভিস জানায়, রোববার বিকাল ৪টা ৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। পরে যোগ দেয় আরও চারটি ইউনিট। রাজধানীতে যানজট থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ভুক্তভোগীরা বলছেন, আগুনে অর্ধশতাধিক টিনের ঘর পুড়ে গেছে। সব হারিয়ে তারা এখন নিঃস্ব। তাই সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করছেন।





