পঞ্চগড়ের দেবীগঞ্জে শ্রমিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নতুন রাস্তা তৈরি করে প্রশংসায় ভাসছেন ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম এমু।
বুধবার (২৬ জুন) সকালে দেবীগঞ্জ সদর ইউনিয়নের হাজি পাড়ায় যাতায়াতের সমস্যা সমাধানের জন্য নতুন করে একটি রাস্তা তৈরি করা হয়।
নতুন করে রাস্তা তৈরি করতে শ্রমিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন সদর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম এমু। শ্রমিকদের সাথে স্বেচ্ছাশ্রমে রাস্তা তৈরি করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের প্রশংসায় ভাসছেন এই ইউপি চেয়ারম্যান।
স্থানীয় সূত্রে জানা যায়, দেবীগঞ্জ সদর ইউনিয়নের এক নাম্বার ওয়ার্ডের হাজি পাড়া সংলগ্ন একটি ছোট নদী রয়েছে। নদীর ওপারে এই এলাকায় মানুষদের কয়েকশত বিঘা আবাদি জমি রয়েছে। যাতায়াতের জন্য রাস্তা এবং ব্রীজ না থাকায় এই জমি গুলো থেকে ফসল আনতে এলাকাবাসীর সমস্যার সম্মুখীন হতে হতো। আবাদি জমিতে যাতায়াতের সমস্যা নিরসনের জন্য হাজি পাড়া থেকে সর্দারের বাড়ি পর্যন্ত নতুন করে রাস্তা নির্মাণের দাবি জানিয়ে আসছিল এলাকাবাসী। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ইউনিয়ন পরিষদের অর্থায়নে নতুন করে এই কাঁচা রাস্তাটি তৈরি করা হয়।
এদিকে যাতায়াতের জন্য নতুন করে রাস্তা তৈরি করে দেয়ায় খুশি এলাকাবাসী। লাবু ইসলাম নামে এক শিক্ষার্থী জানায়, "অনেকদিন ধরেই রাস্তা না থাকায় আবাদি জমিতে যাতায়াতে সমস্যা হতো আমাদের। আজকে চেয়ারম্যান নিজেই শ্রমিকদের সাথে নিয়ে নতুন করে রাস্তা তৈরি করে দিয়েছে। শুনেছি, সামনে নাকি ব্রীজও করে দিবে। আমরা চেয়ারম্যানের এই কাজে অনেক খুশি।"
নতুন রাস্তা তৈরির বিষয়ে দেবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম এমু প্রতিবেদককে জানায়, "হাজি পাড়া সংলগ্ন নদীর ঐপারে পাঁচ থেকে সাত শ' লোকের আবাদি জমি রয়েছে। যাতায়াতের রাস্তা না থাকায় বেশ ভোগান্তি পোহাতে হতো এলাকাবাসীদের। তাই ইউনিয়ন পরিষদের অর্থায়নে নতুন করে এই রাস্তাটি তৈরি করা হলো। আশা করছি খুব শীঘ্রই এখানে ব্রীজ নির্মাণ করা সম্ভব হবে। ইউনিয়নের সাধারণ মানুষের জন্য আগেও কাজ করেছি ইনশাআল্লাহ আগামীতেও এভাবেই মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।"





