রাজধানীর শ্যামপুর থানা পুলিশের চেকপোস্টে পেট্রোল, লাইটার ও আগুন জ্বালানোর ন্যাকড়াসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বিকেল তাঁকে গ্রেপ্তার করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে শ্যামপুর থানা পুলিশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শ্যামপুর থানার উপ–পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম সিকদারের নেতৃত্বে জুরাইন রেল গেইট এলাকার বিক্রমপুর প্লাজার সামনে চেকপোস্ট বসায় পুলিশ। বিকেল পৌনে ৪টার দিকে এক যুবকের সঙ্গে থাকা কাপড়ের শপিং ব্যাগ তল্লাশী করে ছোট একটি বোতলে ২০০ মিলিলিটার পরিমাণ পেট্রোল, একটি গ্যাসলাইটার ও সুতি কাপড়ের একটি ন্যাকড়া পাওয়া যায়। তখন তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম মো. হেদায়েত উল্লাহ (৩৫)। তিনি কুমিল্লার মনোহরগঞ্জ থানার বাইশগাঁওয়ের পিতা-মোহাম্মদ আলীর ছেলে। তিনি বর্তমানে ঢাকার কদমতলী থানার আলমবাগের বাসিন্দা।
প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, পেট্রোলের বিষয়ে জিজ্ঞাসা করা হলে গ্রেপ্তার হেদায়েত কোনো জবাব দিতে পারেননি। প্রাথমিকভাবে জানা গেছে নাশকতার কাজে ব্যবহার করতে এই পেট্রোল বহন করা হচ্ছিল। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





