কুমারখালী ( কুষ্টিয়া) প্রতিনিধি ঃ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ পালন এবং ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে একুশের প্রথম প্রহরে উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ দোয়া অনু্ষ্ঠিত হয়েছে। এরপর বুধবার সকাল ১১ টায় স্থানীয় আবুল হোসেন তরুন অডিটোরিয়ামে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ বলেছেন, অনেক ত্যাগ ও সংগ্রামের বিনিময়ে অর্জিত বাংলা ভাষা। শুধু মুখেমুখে নয়, বাংলা ভাষা ও ভাষা শহীদদের অন্তরে লালন করতে হবে। শুধু দিবসে নয়, সারাক্ষণ শ্রদ্ধাভরে তাঁদের স্মরণ করতে হবে। নতুন প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুসহ সকল শহীদের সুপ্রিয় আত্মত্যাগের প্রকৃত ইতিহাস জাগ্রত করতে হবে। তাঁদের উদ্বুদ্ধ করতে হবে।
তিনি আরো বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ নামের দেশ হতোনা। দেশ ও ভাষার জন্য কোনো আন্দোলনের জন্ম হতোনা। বঙ্গবন্ধুর মতো এতো সুন্দর মনের পৃথিবীতে বিরল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মাহবুবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খান, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেস হোসেন প্রমূখ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলীর সঞ্চালনায় এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা - কর্মচারী বৃন্দ, শিক্ষক -শিক্ষার্থীবৃন্দ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।





