জামালপুরের মেলান্দহে শিক্ষার্থীদের ইভটিজিং, অনলাইন গেমের আসক্তি, জুয়া, বাল্যবিবাহ ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ক্ষতিকর দিক নিয়ে সচেতন করতে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দুপুরে এ উপলক্ষে উপজেলার চর পলিশা জাহানারা লতিফ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের উপস্থিতিতে অনুষ্ঠিত সচেতনতামূলক সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইভটিজিং, অনলাইন গেমের আসক্তি, জুয়া, বাল্যবিবাহ ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ক্ষতিকর দিক তুলে ধরা হয় এবং এ ধরনের অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
এর আগে গত ৩১ মার্চ উপজেলার মেলান্দহ উমির পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেও এ সচেতনতা ও দিক নির্দেশনামূলক আয়োজন করা হয়।
সভায় মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রযুক্তির অপব্যবহার ও অসচেতনতার কারণে কিশোর-কিশোরীরা ক্রমেই ঝুঁকিপূর্ণ আচরণের দিকে ঝুঁকে পড়ছে, যা তাদের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে। এসব সমস্যা থেকে উত্তরণে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগের পাশাপাশি শিক্ষার্থীদের নিজস্ব সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ওসি আরও বলেন, পাঠ্যবইয়ের পাশাপাশি নৈতিক শিক্ষা, সামাজিক মূল্যবোধ ও আইন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আত্মনিয়ন্ত্রণ ও শৃঙ্খলাবোধ বজায় রাখার মাধ্যমে এসব অপরাধ থেকে দূরে থাকা সম্ভব।
এছাড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সন্দেহজনক বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়।





