কুষ্টিয়ার কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়নে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে ঘরে রাখা তিন লাখ টাকা পুড়ে প্রবাসে যাবার স্বপ্ন শেষ হয়ে গেছে শুকুর আলী নামে এক যুবকের। হোগলা মধ্যপাড়া গ্রামে রোববার বেলা ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে পুড়ে সর্বস্বান্ত হয়েছেন জগন্নাথপুর ইউনিয়নের হোগলা মধ্যেপাড়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে সমির ও শুকুর।
ভুক্তভোগী শুকুর আলী জানান, তিনি বিদেশ যাওয়ার জন্য এনজিও থেকে ও আত্মীয়দের কাছ থেকে চার লাখ টাকা গুছিয়ে ঘরে রাখেন। রোববার বেলা ২টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে তাদের বসত ঘরে আগুন লেগে যায়। এ সময় ঘরে থাকা গ্যাসের সিলিন্ডারে আগুন লেগে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনে তার ঘরের আসবাবপত্র ও নিত্য ব্যবহার্য জিনিসপত্রের সঙ্গে সাব বাক্সে রাখা চার লাখ টাকার মধ্যে তিন লাখ টাকা পুড়ে ছাই হয়ে যায়। তিনি আক্ষেপ করে বলেন, বিদেশ যাবার স্বপ্ন হয়তো তার স্বপ্নই থেকে যাবে। পাশাপাশি ঋণের বোঝা ঘাড়ে নিয়ে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে কি করবেন কোথায় যাবেন এই ভেবে তিনি দিশেহারা।
জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহেল আল বাকি বাদশা জানান, আগুনে দুই ভাইয়ের বসতঘরসহ সবকিছু পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। শুকুর আলীর বিদেশ যাওয়ার টাকাও পুড়ে গিয়েছে। দুটি পরিবার সব হারিয়ে সর্বস্বান্ত হয়ে গেছে।





