Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

লক্ষ্মীপুরে জরায়ুমুখ ক্যান্সারের টিকা নিয়ে ১৭ শিক্ষার্থী হাসপাতালে

admin • 30 Oct 2024, 07:21 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
লক্ষ্মীপুরে জরায়ুমুখ ক্যান্সারের টিকা নিয়ে ১৭ শিক্ষার্থী হাসপাতালে

লক্ষ্মীপুরে জরায়ুমুখ ক্যান্সারের টিকা নেয়ার পর ১৭ জন মাদরাসা শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (৩০ অক্টোবর) বিকেলে তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সদর উপজেলার দত্তপাড়া ইসলামিয়া আলিম মাদরাসার বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী তারা। বিষয়টি নিশ্চিত করেছে লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলাশীষ রায়।

তিনি বলেন, টিকা দেওয়ার পর ভয়ে ওই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছেন। আমরা তাদেরকে ভর্তি রেখে চিকিৎসা দিচ্ছি। এটা টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নয়। ভয় থেকে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। কয়েকজনের নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিল। তাদেরকে অক্সিজেন দেওয়া হয়েছে।

অসুস্থ ছাত্রীরা হলেন মিথিলা, আখি আক্তার, আফিফা, প্রীতি, জান্নাতুল আকলিম মিপ্তা, মাইশা, মাহি, মাহিয়া আক্তার, আছমা, সুমাইয়া, মারিয়া আক্তার , মীম, খাদিজা, তামান্না, নুসরাত ও  আকলিমাসহ ১৭ জন।

মাদরাসা সূত্র জানায়, বুধবার দুপুরে সদর উপজেলার দত্তপাড়া ইসলামিয়া আলিম মাদরাসার শিক্ষার্থীদেরকে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের এইচপিভি টিকা দেওয়া হয়। টিকা দেওয়ার আধা ঘণ্টা পর কয়েকজন ছাত্রী মাথাঘুরে পড়ে যায়। এরপর একে একে ১৭ জন ছাত্রী বমি ভাব ও মাথা ঘুরে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে মাদরাসা কর্তৃপক্ষ তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করে।

জান্নাতুল আকলিম মিপ্তা নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বাবা শামছুল আলম বলেন, টিকা দেওয়ার পর প্রথমে আমার মেয়েসহ ৪ জন অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করি। আমার মেয়ের ডান পা ব্যথা হয়ে প্রায় অবশের মতো অবস্থা হয়েছে। ধরাও যাচ্ছিল না। নিঃশ্বাস ফেলতে কষ্ট হয়েছে, বুকেও ব্যথা ছিল।

গত ২৪ অক্টোবর থেকে লক্ষীপুরে পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রী এবং স্কুলের বাইরে থাকা ১০ থেকে ১৪ বছরের এক লাখ ১২ হাজার কিশোরীকে বিনামূল্যে টিকা দেওয়া শুরু হয়েছে। দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স (গ্যাভি), ইউনিসেফ এবং ডাব্লিউএইচও’র সহায়তায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।