জামালপুরের ইসলামপুরে বন্যার নতুন পানিতে রেলসেতুর বসে টিকটিক করার সময় ট্রেন আসতে দেখে জীবন বাচাতে সেতু থেকে নদীতে লাফ দিয়ে মৃদুল (১২) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে।
শনিবার (২২জুন) বিকাল ৩টার দিকে ঢাকা-দেওয়ানগঞ্জ রেলরুটে উপজেলার পাথর ঘাটা রেলসেতুর ওপর এ ঘটনা ঘটে । নিখোঁজ ওই কিশোর ইসলামপুর পৌর এলাকার বেপারীপাড়া গ্রামের বাবু বেপারীর ছেলে বলে জানা গেছে।
জানা যায়, নিখোঁজ মৃদুলসহ চার বন্ধু মিলে পাথর ঘাটা রেল সেতুর ওপর বসে নতুন পানির টিকটক ভিডিও করতেছিল। এ সময় দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন রেলসেতুর কাছাকাছি চলে আসলে জীবন বাঁচাতে নদীতে ঝাঁপ দেয় চার বন্ধু। এসময় সাথের তিন বন্ধু সাতাঁর কেটে পাড়ে উঠে এলেও নিখোঁজ হয় মৃদুল । এই খবর চারদিকে ছড়িয়ে পড়লে পাথর ঘাটা সেতু এবং আশপাশের এলাকায় ভীড় করেন হাজার হাজার মানুষ ।
খবর পেয়ে পুলিশ ও ইসলামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। পরে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকাল পাঁচটার দিকে উদ্ধার অভিযান শুরু করলেও নদীতে প্রচন্ড স্রোত থাকায় নিখোঁজ ওই কিশোরকে উদ্ধার করা সম্ভব হয়নি । সন্ধ্যায় অন্ধকার নেমে আসলে উদ্ধার অভিযান স্থগিত করেন ডুবুরী দল ।
এ বিষয়ে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সুমন তালুকদার বলেন, জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ সময় উদ্ধার অভিযান পরিচালনা করেন। সন্ধ্যায় অন্ধকার নেমে আসলে আপাতত উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করেন ডুবুরি দল। প্রয়োজনে সকালে আবার উদ্ধার অভিযান পরিচালনা করবে।





