দুই দল কিশোরের মধ্যে বাকবিতন্ডা ও ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিজয় দিবসের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে ছুরিকাঘাতে দুই কিশোর নিহত হয়েছে।
এ ঘটনায় সুমন ও রজব নামে আরও দুইজন আহত হয়েছে। তাদের অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। মঙ্গলবার (১৭ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে, নাচোল উপজেলার মল্লিকপুর বাজারে এ ঘটনা ঘটে।
আহত ও নিহতের বিষয়টি নিশ্চিত করেছে নাচোল থানার ওসি মনিরুল ইসলাম। নিহতরা হলো উপজেলার ফতেপুর ইউনিয়নের খোলসী গ্রামের এজাবুলের ছেলে মাসুদ (১৬) ও একই ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রায়হান(১৬)।
মাসুদ ও রায়হানের পরিবার জানায়, কি কারণে এ হত্যাকান্ড তার কিছুই জানেন না তারা। এদিকে, চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহাদ আকিদ রেহমান জানান, আমাদের কাছে আসার পূর্বেই মাদুস ও রায়হান মারা যায়। ইসিজি করে আমরা নিশ্চিত হয়। আর দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
তিনি আরও জানান, তাদের ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে। তবে আহত সুমনের উদ্ধৃতি দিয়ে ডা.ফাহাদ আকিদ আরও জানান, তাদের মদ খাইয়ে কোন একটা পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাদের মারা হয়েছে। তবে আসলে কি কারণ এটা তদন্ত করলে প্রকৃত কারন জানা যাবে।
এদিকে, নাচোল থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,‘প্রাথমিকভাবে জানাগেছে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে দুই দল কিশোরের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে এ ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত প্রকৃত কারণ জানা য়ায়নি। পুলিশ ঘটনার পর থেকেই এ ঘটনায় জড়িতদের আটকে অভিযানে নেমেছে।’





