রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা বাঘাইহাটে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ এর একটি আস্তানায় অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানের সময় উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।
এ সময় ঘটনাস্থল থেকে একে-৪৭ রাইফেল, দেশি-বিদেশি অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
আইএসপিআরের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার ভোরে বাঘাইহাটের একটি দুর্গম এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে সেনাবাহিনীর একটি বিশেষ টহলদল অংশ নেয়। এসময় সশস্ত্র ইউপিডিএফ সদস্যরা সেনা সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষায় সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়।
প্রাথমিক তথ্যে কেউ হতাহত হওয়ার খবর নিশ্চিত করা না গেলেও সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানের সময় ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি একে-৪৭ রাইফেল, কয়েকটি চাইনিজ রাইফেল, ম্যাগাজিন, বিপুল পরিমাণ গুলি ও অন্যান্য সামরিক সরঞ্জাম উদ্ধার করে।





