Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

যৌতুকের জন্য স্ত্রীকে পেটানোর পর শরীরে আগুনের ছ্যাঁকা

admin • 10 Sep 2024, 12:05 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
যৌতুকের জন্য স্ত্রীকে পেটানোর পর শরীরে আগুনের ছ্যাঁকা

বগুড়ায় দেড় লাখ টাকা যৌতুক না পেয়ে আছমাউল হোসনা (২৫) নামে এক গৃহবধূকে পেটানোর পর শরীরে গাস লাইটের আগুন দিয়ে ছ্যাঁকা দেয়ার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। রোববার (৮ সেপ্টেম্বর) সকালে ধুনট উপজেলায় এই ঘটনা ঘটে।

 

আছমাউল হোসনা উপজেলার বাটিকাবাড়ি গ্রামের সাজু আহম্মেদের স্ত্রী। এ ঘটনায় ওই গৃহবধূর ছোট ভাই ওবায়দুল বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ৪ বছর আগে সাজু আহম্মেদের সঙ্গে বিয়ে হয় আছমাউল হোসনার। তাদের দাম্পত্য জীবনে দুই সন্তানের জন্ম হয়। সাজু আহম্মেদ নির্মাণ শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতো। বিয়ের পর থেকে সুখেই কাটছিল তাদের দাম্পত্য জীবন। কিন্তু সাজু এলাকার কিছু লোকের সঙ্গে মিশতে গিয়ে কর্মহীন হয়ে পড়ে। এতে সংসারে অভাব অনটন দেখা দেয়।

 

এ অবস্থায় স্ত্রীকে বাবার বাড়ি থেকে যৌতুক হিসেবে দেড় লাখ টাকা আনতে বলে সাজু। কিন্ত আছমাউল হোসনার বাবার পক্ষে দাবিকৃত যৌতুকের টাকা দেয়া সম্ভব হয়নি। এক পর্যায়ে টাকা না পেয়ে স্ত্রীর ওপর ক্ষুব্ধ হয়ে উঠে সাজু। বিষয়টি নিয়ে রোববার সকালের দিকে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় স্ত্রীকে পেটানোর পর গাস লাইটারের আগুন দিয়ে তার শরীরে ছ্যাঁকা দেয় সাজু। প্রতিবেশীরা ঘটনাস্থলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় গৃহবধূর ভাই বাদি হয়ে সাজু আহম্মেদ ও তার মাসহ ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছে।

 

এ বিষয়ে সাজু আহম্মেদ জানান, অবাধ্য স্ত্রীকে শাসন করা হয়েছে। তার শরীরে আগুনের ছ্যাঁকা দেয়ার অভিযোগ সঠিক না। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, গৃহবধূকে নির্যাতনের অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।