দিনাজপুরের নবাবগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে মোরসাইকেলের ধাক্কায় নিতাই মাহাত (৩৭) নামের এক আদিবাসী ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী সৌরভী মার্ডি গুরুতর আহত হয়েছে।
শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের বাজিতপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত নিতাই মাহাত জয়পুরহাট জেলার তাজপুর এলাকার অভিরাম মাহাতের ছেলে। আহত সৌরভী মার্ডি বিরামপুর ধানজুড়ি এলাকার সিলিক মার্ডির মেয়ে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনিরুজ্জামান মমিন বলেন, শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে বিরামপুর উপজেলা থেকে মোটরসাইকেলে করে ঘোড়াঘাট যাচ্ছিলেন স্বামী-স্ত্রী।
একই সময় ঘোড়াঘাট থেকে একটি যাত্রীবাহী বাস দিনাজপুরের দিকে আসছিল। এসময় বাসটি বাজিতপুর স্থানে পৌঁছালে মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে নিতাই মাহাত নামের এক আদিবাসী ব্যক্তির মৃত্যু হয়। পরে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রীকে গুরুতর আহত অবস্থায় নবাবগঞ্জ হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে সড়ক পরিবহন আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।





