Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

যশোরে আ. লীগ ও বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

admin • 04 Aug 2024, 09:34 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
যশোরে আ. লীগ ও বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

আওয়ামী লীগের একাংশের মিছিল থেকে রোববার (৪ আগস্ট) বিকেলে যশোরে বিএনপির জেলা কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে মণিরামপুর ও কেশবপুর উপজেলায় আগুন দেয়া হয় আওয়ামী লীগের তিনটি কার্যালয়ে।

এছাড়া এদিন শিক্ষার্থীদের ব্যানারে বের হওয়া মিছিল থেকে কেশবপুর পৌরসভা ও উপজেলা পরিষদেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। যশোর শহরে ইটপাটকেল ছোড়া হয় কোতয়ালি থানা, চাঁচড়া পুলিশ ফাঁড়ি, জেলা শিক্ষা অফিস ও আওয়ামী লীগের রেলগেট আঞ্চলিক কার্যালয়ে।

এদিন বিকেলে সরকার বিরোধী আন্দোলন প্রতিহত করার জন্য আওয়ামী লীগের দুই পক্ষ লাঠি, হকিস্টিক নিয়ে পৃথকভাবে বিক্ষোভ মিছিল বের করে। স্থানীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের অনুসারীরা পৃথকভাবে এই মিছিল বের করেন। কাজী নাবিল অনুসারীদের মিছিলটি শহরের লালদীঘিপাড়ের বিএনপি কার্যালয়ের সামনে পৌঁছালে বিক্ষুব্ধ কর্মীরা কার্যালয়ের দরজা ভেঙে ভাঙচুর ও ভেতরে আগুন জ্বালিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা ও বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের মিছিল থেকে কার্যালয়ে আগুন দেয়া হয়েছে। তখন কার্যালয়ে কেউ ছিল না। বিনা উস্কানিতে তারা পরিকল্পিতভাবে মিছিল নিয়ে কার্যালয়ে আগুন দিয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন, বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের খবর শুনে ফায়ার সার্ভিসের কর্মীদের পাঠানো হয়। তেমন ক্ষয়ক্ষতি হয়নি। কিছু ফাইলপত্র পুড়ে গেছে। কারা করেছে সেটি তদন্ত করা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।