জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৬৩ কেজি ওজনের একটি বাঘাইর মাছ। প্রতি কেজি ১২০০ টাকা দরে ৭৫ হাজার ৬০০ টাকায় বিক্রি করা হয়। পুরো মাছটি নেয়ার জন্য কোনো একজন ক্রেতা না পাওয়ায় তা কেটে বিক্রি করা হয়।
সোমবার (৬ নভেম্বর) দুপুরে বিক্রির জন্য মাছটি উপজেলার সরদারপাড়া বাজারে জেলে বাদশা মিয়া বিক্রির জন্য নিয়ে আসেন।
বিশাল আকৃতির বাঘাইর মাছটি এক নজর দেখতে বাজারে আসা উৎসুক জনতার ভিড় জমে।
জেলে বাদশা মিয়া বলেন, রোববার রাতে যমুনা নদীতে ৬৩ কেজি ওজনের এই বাঘাইর মাছটি আমার জালে ধরা পড়ে। মাছটি অনেক বড় হওয়ায় একক ক্রেতা পাইনি। পরে কেটে বিক্রির সিদ্ধান্ত নেই। প্রতি কেজি ১২০০ টাকা করে বিক্রি করেছি। মাছটি বিক্রি করে মোট ৭৫ হাজার ৬০০ টাকা পেয়েছি।
মাছ কিনতে আসা আবদুল্লাহ আল মামুন বলেন, দীর্ঘদিন পর সরদারপাড়া বাজারে এতো বড় মাছ উঠেছে। এমন বড় মাছ সবসময় বাজারে দেখা যায় না। মাছটি অনেক বড় হওয়ায় সেটাকে কেটে কেজি দরে বিক্রি করা হয়েছে। আমিও ১২০০ টাকা দিয়ে এক কেজি কিনেছি। নদীর মাছ খেতে অনেক সুস্বাদু হয় বলেই কিনেছি।





