জেলার খবর
মেলান্দহে বিশাল মোটরসাইকেল শোডাউনে ইউপি চেয়ারম্যান প্রার্থী তৈয়বুরের গণসংযোগে
Shakib Nahid
• 14 Jun 2026, 12:02 AM
• পঠিত 3 বার
জামালপুরের মেলান্দহ উপজেলার ৪নং মাহমুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের প্রচারণা ও গণসংযোগে সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। এরই ধারাবাহিকতায় চেয়ারম্যান পদপ্রত্যাশী মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তৈয়বুর রহমান মাস্টারের সমর্থনে প্রায় ১ হাজার মোটরসাইকেলের অংশগ্রহণে এক বিশাল র্যালী ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) দিনব্যাপী মাহমুদপুর ইউনিয়নের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শোভাযাত্রায় প্রায় এক হাজার মোটরসাইকেল অংশ নেয়। এতে তৈয়বুর রহমান মাস্টারের বিপুলসংখ্যক কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
মোটরসাইকেল বহরটি কেন্দ্রীয় ফুটবল খেলার মাঠ থেকে শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে ভোটারদের সঙ্গে মতবিনিময় করে। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রার্থীর পক্ষে প্রচারণা চালান। শোভাযাত্রাকে ঘিরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
পরে এক পথসভায় বক্তব্য দেন চেয়ারম্যান পদপ্রত্যাশী তৈয়বুর রহমান মাস্টার। তিনি বলেন, মাহমুদপুর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নয়নবান্ধব ও বৈষম্যহীন ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। জনগণের সমর্থন পেলে মাদক, জুয়া ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও সামাজিক নিরাপত্তাসহ সব খাতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করব।
তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকাবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে প্রচারণা ক্রমেই বাড়ছে। তবে শনিবারের এই মোটরসাইকেল শোভাযাত্রা ইউনিয়নজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা নিজেদের অবস্থান জানান দিতে মাঠপর্যায়ে সক্রিয় হয়ে উঠেছেন। এর ফলে মাহমুদপুর ইউনিয়নের নির্বাচনী পরিবেশ দিন দিন আরও প্রাণবন্ত হয়ে উঠছে।
বিকল্প শিরোনাম।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





