জামালপুরের মেলান্দহে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজার মন্ডপ পরিদর্শন করেছেন জামালপুর জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শফিউর রহমান।
শনিবার (২১ অক্টোবর) সন্ধা ৭টায় উপজেলার বারইপাড়া সার্বজনীন দুর্গাপুজার নাট মন্দির ও শাহজাতপুরের নবজাগরণী পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি। পরিদর্শন কালে জেলা প্রশাসক সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় পূজার শুভেচ্ছা বিনিময় করেন। এবং নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
এ সময় জামালপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোক্তার হোসেন, মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম মিঞা, থানার তদন্ত অফিসার কবির হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মেলান্দহ শাখার সাধারণ সম্পাদক, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ শাখার সভাপতি আশুতোষ সাহা সহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান জানান, আনন্দ উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকলে মিলে যাতে উৎসবমুখর পরিবেশে নির্ভয়ে সনাতন ধর্মাম্বলীরা দুর্গোৎসব পালন করতে পারে এজন্য অপ্রীতিকর ঘটনা এড়াতে জামালপুরের প্রতিটি পূজামন্ডপে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন সহ নানান ব্যবস্থা নেওয়া হয়েছে।





