Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর সারা দেশ

মেলান্দহে আগের মজুত করা পেট্রোল বাড়তি দামে বিক্রিতে ক্ষুব্ধ ক্রেতা, নীরব প্রশাসন

Shakib Nahid • 20 Apr 2026, 12:30 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মেলান্দহে আগের মজুত করা পেট্রোল বাড়তি দামে বিক্রিতে ক্ষুব্ধ ক্রেতা, নীরব প্রশাসন

জামালপুরের মেলান্দহ উপজেলায় আগে কম দামে কেনা জ্বালানি তেল অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ উঠেছে নুরুননাহার এন্টারপ্রাইজের মালিক আব্দুর রহিমের বিরুদ্ধে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার হাজরাবাড়ী পৌর বাজারে অবস্থিত নুরুননাহার এন্টারপ্রাইজের মালিক আব্দুর রহিম গত ১৭ এপ্রিল ডিপো থেকে আগের দামে পেট্রোল ক্রয় করেন। তবে পরবর্তীতে সরকারের নতুন মূল্য কার্যকর হওয়ার পর সেই আগের দামে কেনা তেলই নতুন বাড়তি দামে বিক্রি করা হচ্ছে।

এদিকে বিষয়টি বারবার প্রশাসনকে জানিয়েও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্রেতাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মোটরসাইকেল চালকেরা অভিযোগ করে বলেন, কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল তেল বিক্রি হবে। পরে এসে দেখা যায়, নতুন বাড়তি দাম ছাড়া তেল দেওয়া হচ্ছে না। বাধ্য হয়ে অতিরিক্ত দামে তেল কিনতে হয়েছে।

ক্রেতা রাশেদুল ইসলাম বলেন, নিয়ম অনুযায়ী আগের দামে কেনা তেল আগের দামেই বিক্রি করার কথা। কিন্তু তারা বেশি দামে বিক্রি করছে। প্রতিবাদ করলে খারাপ আচরণ করছে, বাধ্য হয়েই বেশি দামে তেল নিতে হচ্ছে।

এ বিষয়ে অভিযুক্ত ব্যবসায়ী আব্দুর রহিম অভিযোগ স্বীকার করে বলেন, ১৭ তারিখ ডিপো থেকে তেল তুলেছি, আজ নতুন দামেই (১৩৫ টাকা) বিক্রি করেছি। সন্ধ্যা ৬টা পর্যন্ত বিক্রি হয়েছে। এখন ১০–২০ লিটার তেল অবশিষ্ট আছে। আগেও দাম বাড়লে এভাবেই বিক্রি করেছি। প্রশাসন থেকে আমাদের কিছু জানানো হয়নি।

মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যোতি বলেন, প্রজ্ঞাপনে আলাদা করে কিছু জানানো হয়নি। বিষয়টি খোঁজ নিয়ে জানাচ্ছি।

তবে জামালপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল বিন রশিদ বলেন, আগে কেনা তেল আগের দামেই বিক্রি করার কথা। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

জামালপুরের জেলা প্রশাসক ইউসুপ আলী বলেন, আগের দামে কেনা তেল বেশি দামে বিক্রির সুযোগ নেই। কেউ এমনটি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। নতুন দামে প্রতি লিটার অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা, ডিজেল ১১৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।