নওগাঁর মান্দা উপজেলায় কালী মন্দিরের তিনটি প্রতিমার মধ্যে একটি প্রতিমা ভাঙচুরের খবর পাওয়া গেছে। এ ঘটনায় সোহেল রানা (২৮) নামের এক মাদকাসক্ত যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মৈনম ইউনিয়নের কদমতলী মোড়ের কালী মন্দিরে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, সোহেল নেশাগ্রস্ত অবস্থায় ওই প্রতিমা ভাঙচুর করেন।
আটককৃত সোহেল রানা মৈনম ইউনিয়নের দুর্গাপুর কদমতলী গ্রামের আব্বাস আলীর ছেলে।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার হিন্দু ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামা বা কালী পূজা পালিত হয়েছে। এরই ধারাবাহিকতায় মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের কদমতলী মোড়ের কালী মন্দিরে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে কালী পূজা পার্বণের কার্যক্রম শুরু করেন হিন্দু ধর্মাবলম্বীরা। এদিন রাত সাড়ে ১১টার দিকে হঠাৎই সোহেল রানা নামের নেশাগ্রস্ত ওই যুবক কালী মন্দিরে প্রবেশ করে তিনটি প্রতিমার মধ্যে একটি প্রতিমা ভাঙচুর করেন। এ সময় মন্দির কর্তৃপক্ষ এবং স্থানীয় লোকজন সোহেল রানাকে আটক করে মান্দা থানার পুলিশে সোপর্দ করেন।
মান্দা থানা সূত্রে জানা গেছে, সোহেল রানা বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। এ ব্যাপারে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।





