খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গরমছড়ি থেকে বিদেশী পিস্তলসহ আপ্রুচাই মারমা (৩০) নামে মগ লিবারেশন পার্টির এক কালেক্টরকে অস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনী।
নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গেছে, সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ১টায় উপজেলার গরমছড়ি স্বাগতম সাইনবোর্ডের এলাকায় চাঁদা আদায়কালে তাকে আটক করে যৌথবাহিনী। এই সময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ১ টি অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার করা হয়। আটককৃত আপ্রুচাই মারমা উপজেলার ময়ূরখীল গ্রামের মংপ্রু মারমার ছেলে।
আটক আপ্রুচাই মারমা দীর্ঘদিন ধরে মানিকছড়ির বিভিন্ন এলাকায় অপহরণ, চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।





