মাদারীপুরের শিবচর উপজেলায় নিজ ঘর থেকে জমিলা আক্তার (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ জুন) রাতে উপজেলার শিবরায়েরকান্দি গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জমিলা ওই গ্রামের সোনামিয়া মাদবরের মেয়ে এবং মুসা মুন্সির স্ত্রী।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, নিহতের মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরিবারের লোকজন প্রথমে ঘরের দরজা ভেঙে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তারা মরদেহ নিচে নামিয়ে পুলিশে খবর দেয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে পরিবারের দাবি এটি আত্মহত্যা। তবে পুলিশ মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।





