মাগুরা সদরে দাঁড়িয়ে থাকা ধানের খড়বোঝাই ট্রাকে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দিয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে মাগুরা-ঢাকা মহাসড়কের কছুন্দি মাঝিবাড়ি এলাকায় ধানের খড়বোঝাই ট্রাকটিতে আগুন দেয়।
এলাকাবাসী জানান, ট্রাকটি নষ্ট হওয়ার কারণে চালক গাড়িটি রেখে পার্শ্ববর্তী ওয়াগদা বাজারে যান। ফিরে এসে তিনি দেখেন কে বা কারা গাড়িতে আগুন দিয়েছে। এ সময় টহল পুলিশ ফায়ার ব্রিগেডকে খবর দিলে ফায়ার ব্রিগেডের দুটি ইউনিট এসে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মাগুরা ফায়ার ব্রিগেড স্টেশন অফিসার মহিউদ্দিন জানান, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডে ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করি। আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
মাগুরার সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, আমরা টহল পুলিশের কাছে খবর পেয়ে পুলিশ মোতায়েন করেছিলাম। ঘটনাটি কিভাবে ঘটলো তা নাশকতা কিনা সেটি তদন্তের মাধ্যমে জানা যাবে। সে অনুযায়ী আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করব।





