বগুড়ায় সোনিয়া চৌহান (৬৫) নামের এক বৃদ্ধাকে হত্যার দায়ে তার ছেলে গোপাল চৌহানের (২২) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বগুড়া অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক হাবিবা মণ্ডল আজ রবিবার এই রায় ঘোষণা করেন।
গোপাল চৌহান বগুড়া শহরের নাটাইপাড়া এলাকার মৃত জগদীশ চৌহানের ছেলে। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি রাতে গোপাল তার মা সোনিয়া চৌহানকে নিজেদের বাড়িতে গলায় মোটা সুতা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। ছোট থাকতেই গোপালের বাবা মারা যান। গোপালের ধারণা ছিল, মা সোনিয়া তার বাবাকে হত্যা করেছেন।
এ নিয়ে গোপালের ভেতরে ক্ষোভ ছিল। সেই ক্ষোভ থেকে ঘুমন্ত মাকে হত্যা করেন তিনি। পরে নিজেই পুলিশের কাছে গিয়ে হাজির হন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে গিয়ে সোনিয়া চৌহানের মরদেহ উদ্ধার করে
এ ঘটনায় তার বড় ভাই মিঠুন চৌহান বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলার পরের দিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন গোপাল।
বগুড়া জেলা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) বিনয় কুমার ঘোষ রজত বলেন, ‘দীর্ঘ শুনানির পর আজ রবিবার গোপালের উপস্থিতিতে মৃত্যুদণ্ডাদেশ দেন বিচারক। আদালত থেকে তাকে কারাগারে পাঠানো হয়।’





