Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মহাসড়কে গাছ ফেলে দুর্ধর্ষ ডাকাতি, জিনিসপত্র লুটপাট

admin • 06 Oct 2024, 06:35 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মহাসড়কে গাছ ফেলে  দুর্ধর্ষ ডাকাতি, জিনিসপত্র লুটপাট

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের গোপালপুর এলাকায় সড়কে গাছ ফেলে বেশ কয়েকটি যানবাহনে ডাকাতির ঘটনা ঘটেছে। ছয় থেকে সাতটি যানবাহনের যাত্রী ও চালকদের কাছ থেকে নগদ টাকা, মুঠোফোনমহ মূল্যবান জিনিসপত্র ডাকাতদল লুটপাট করেছে বলে একজন প্রত্যক্ষদর্শী জানায়। শনিবার (৬ অক্টোবর) দিবাগত ২টার দিকে এ ঘটনা ঘটে।

 

তবে পুলিশের দাবি, ডাকাতির চেষ্টা করা হয়েছে। খবর পেয়ে পাংশা ও কুষ্টিয়ার খোকসা থানা–পুলিশ ঘটনাস্থল থেকে গাছ সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে। কোনো যাত্রী অভিযোগ করেনি।

 

ডাকাতির কবলে পড়ে সড়কে আটকে ছিলেন কুষ্টিয়াগামী রোজিনা পরিবহনের যাত্রী একটি জাতীয় দৈনিক পত্রিকার কুমারখালী প্রতিনিধি কে এম আর শাহিন। তিনি তার ফেসবুক পোস্টে লেখেন, ‘এইমাত্র ডাকাতির কবল থেকে বেঁচে গেলাম। মহান আল্লাহ সহায় ছিলেন। ঢাকা থেকে ফেরার পথে রাত ২টার সময় রাজবাড়ী অংশের সীমানায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়।

 

অল্পের জন্য রোজিনা পরিবহনে আমি ও অন্যান্য যাত্রীরা ডাকাতের কবল থেকে বেঁচে গেলেও আমাদের গাড়ির সামনের ৫ থেকে ৭টি বাস, ট্রাক ও প্রাইভেটকারে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। কয়েকজন আহত হয়েছেন। এসব পরিবহনে থাকা যাত্রীদের কাছ থেকে টাকা, মুঠোফোন ও দামি মালামাল লুটে নিয়েছে ডাকাত দল।’

 

এ বিষয়ে মুঠোফোনে কে এম আর শাহিন বলেন, ঢাকা থেকে রোজিনা পরিবহনে কুমারখালী ফিরছিলাম। রোজিনা পরিবহনের আগে বেশ কয়েকটি গাড়ি ছিল। সবাই আমরা একই সঙ্গে ফেরি পার হয়েছিলাম। আমার গাড়ি পাংশা উপজেলার শেষ অংশে গোপালপুর নামকস্থানে পৌঁছালে গাড়ি থেমে যায়। আমাদের গাড়ির সামনে দেখি ৬-৭টা গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ি থামার পর সামনে থেকে চিৎকার কান্নাকাটির শব্দ কানে আসছিল। তখন বুঝতে বাকি নেই সড়কে ডাকাতি হচ্ছে। আমি দ্রুত খোকসা ও পাংশা থানার পুলিশকে ফোন করি। পুলিশ আসার আগেই ডাকাত দল চারটি পণ্যবাহী ট্রাক, একটি কাভার্ডভ্যান, একটি প্রাইভেটকার ও একটি বাসে ডাকাতি করে নগদ টাকা, মুঠোফোন নিয়ে যায়।

 

পাংশা মডেল থানার ওসি মো. সালাউদ্দিন জানান, শনিবার রাত ২টার দিকে দিকে ডাকাত দল রাজবাড়ী কুষ্টিয়া সড়কের গোপালপুর এলাকায় গাছ ফেলে ডাকাতির চেষ্টা করেছিল। খবর পেয়ে পাংশা থানা ও খোকসা থানার টহল পুলিশ যৌথভাবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতেরা পালিয়ে যায়। পরে রাস্তা থেকে সব গাছ সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেননি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।