ভারতের পুরোহিত রামগিরি ও মন্ত্রী নিতেশ রানে কর্তৃক হযরত মোহাম্মদ (সা.)-কে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীরা।
রোববার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের মুক্তির সোপানে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী মো. তানভীরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনটি কলেজ চত্বর থেকে বের হয়ে সিরাজগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর পৌর শহরের মুক্তির সোপানে এসে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য রাখেন- সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী মো. শুভ, নাফিস, মো. আলভি, মো. আশরাফসহ অনেকেই।
বক্তারা বলেন, রাসূল (সা.)-কে নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়া হয়েছে, আমরা মুসলমান হয়ে সেটা মেনে নিতে পারি না। তাই ভারতীয় দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাই।
দ্রুত যদি ব্যবস্থা না নেয়া হয়, আগামীতে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।





