Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

মঞ্চে ইউএনও-ওসি, আ. লীগ নেতার ৬ মিনিটের বক্তব্য ভাইরাল

admin • 16 Dec 2023, 06:19 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মঞ্চে ইউএনও-ওসি, আ. লীগ নেতার ৬ মিনিটের বক্তব্য ভাইরাল

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে বীর মুক্তিযোদ্ধাদের কাছে শেখ হাসিনার পক্ষে ভোট চেয়ে বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগ নেতা মো. আব্দুল মান্নান খান। তখন মঞ্চে ইউএনও, ওসিসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত থাকলেও তাকে বাধা দেননি। তবে তিনি তার বক্তব্যে নির্দিষ্ট কোনো প্রতীক উল্লেখ করেনি।

 

শনিবার (১৬ ডিসেম্বর) বেলা সোয়া ১২টার দিকে স্থানীয় আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে প্রায় ৬ মিনিট ধরে প্রধান অতিথির বক্তব্য দেন আব্দুল মান্নান। সেই ভিডিও আবার অনেকে সোশ্যাল মিডিয়ায় লাইভ করেছেন। সেসময় মঞ্চে ইউএনও মো. মাহবুবুল হক, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত, থানার ওসি মো. আকিবুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

 

আব্দুল মান্নান খান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান। ৬ মিনিটের বক্তব্যে তিনি বলেছেন, ‘আগামী ২০৪১ সালের মধ্যে যেন স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে পারে সেই লক্ষ্যে আমাদের এক যোগে এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।’

 

তিনি আরও বলেছেন, ‘আপনারা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছেন, যে নৌকা এবং স্বতন্ত্র...! আপনারা ইতোমধ্যে জেনেছেন জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন নৌকাও তার, স্বতন্ত্রও তার। অবাধ, সুষ্ঠু নির্বাচনের মধ্যদিয়ে যে জিতে আসবে, যার জনপ্রিয়তা আছে, যে যার নির্বাচনী এলাকায় জনপ্রিয়তার তুঙ্গে বসে আছে ভোটারদের উপস্থিতিতে উৎসবমুখর ভোটের মধ্যদিয়ে, নিরপেক্ষ ভোটের মধ্যদিয়ে সেই প্রার্থীকে জয়যুক্ত করতে হবে। এইটাই জননেত্রী শেখ হাসিনার কথা।’

তিনি বলেন, ‘সুষ্ঠুভাবে যাতে এই নির্বাচন কমিশনার এবং এই দেশের প্রশাসন সঠিক জায়গায় নিয়ে যেতে পারে, নির্বাচনকে সঠিকভাবে শেষ করতে পারে। সেই সহযোগিতা এবং আপনাদের কাছে জননেত্রী শেখ হাসিনার পক্ষে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে ভোট চেয়ে সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।’ তবে তিনি তার বক্তব্যে নির্দিষ্ট কোনো প্রতীক উল্লেখ করেনি।

 

এ বিষয়ে জানতে নির্বাচনের সহকারী রিটার্ন কর্মকর্তা ও ইউএনও মো. মাহবুবুল হককে ফোন দেয়া হলে তিনি রিসিভ করেননি।

   

তবে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা জানান, তিনি ( মান্নান খান) উন্নয়নের কথা বলতে পারতেন। কিন্তু কারও পক্ষে ভোট চাওয়া ঠিক হয়নি। বিষয়টি সহকারী রিটার্নিং কর্মকর্তা ক্ষতিয়ে দেখবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।